আমাদের কথা

বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল, অন্যান্য সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ ও মেডিকেল কলেজের মেধাবী, সমাজ ও সময় সচেতন, উদ্যমী একদল তরুণের সংগঠন তরঙ্গ। আমাদের সবার আনন্দ হচ্ছে কাজ করার মধ্যে, কোন নাম-ধাম বা লাভের আশায় নয়। আমরা বই পড়ার অভ্যাস সৃষ্টি, চিন্তাশীলতার ও সৃজনীশক্তির বিকাশ, বিজ্ঞানমনস্কতা প্রসারে কাজ করি, বিশেষত স্কুলের শিশু কিশোরদের নিয়ে। চাই আমাদের দেশের ছাত্ররা শুধু দক্ষতা নয়, মানবতা অর্জন করুক, চিন্তা করার ক্ষমতা সৃষ্টি হোক মস্তিস্কে। যুক্তি দিয়ে চিন্তা করতে শিখুক, বাস্তবতার সাথে তাল মিলিয়ে চলা নয়, সবাই মিলে মানবতাকে বাস্তবতায় পরিণত করুক, বই এর পাতা থেকে বের করে আনুক মহামানবকে, তাকে স্থাপন করুক নিজের মধ্যেই।

আমাদের সূত্রপাত ডিকে উচ্চ বিদ্যালয়ে স্থানীয়দের সহযোগিতায় ২০১৬ সালে প্রথম আঞ্চলিক বিজ্ঞান উৎসবের ক্ষুদ্র আয়োজনের মাধ্যমে। ২০১৮ সালের মার্চে আমরা ২৭ টি স্কুলের প্রায় ৭০০ শিক্ষার্থীর অংশগ্রহণে তৃতীয় আঞ্চলিক বিজ্ঞান উৎসব করতে পেরেছি, বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করেছি শিক্ষার্থীদের মধ্যে। দাতারা আমাদের উদার হস্তে দিয়েছেন, আমরা তাদের এই অবদান এর সেরা ব্যবহার নিশ্চিত করে আমাদের কাজ আরও এগিয়ে নিতে পেরেছি। আশা করি সামনে সব সূচক সূচকীয় ফাংশনের মত বাড়বে।

অনেক চড়াই উতরাই পেরিয়ে আমরা আমাদের প্রকাশনা ও কাজ অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পেরেছি। আমাদের উপদেষ্টামণ্ডলীতে আছেন বিশ্ববিদ্যালয়ের সেরা শিক্ষক, গবেষক, সচিব, উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তাবৃন্দ। বাংলাদেশের ৭০ ভাগ মানুষ বাস করে গ্রামে, কিন্তু এখানেই আছে অজ্ঞানতার অন্ধকার, অশুভ শক্তির দাপট। গ্রামকে আলোকিত করা আমাদের এই সামান্য প্রচেষ্টার একটা বড় লক্ষ্য। আমরা দেশের জন্য কিছু করতে চাই, তাই সেটা শিকড় থেকেই শুরু করছি।

আমাদের কার্যক্রমঃ
১. বার্ষিক আঞ্চলিক বিজ্ঞান উৎসব ও অলিম্পিয়াড আয়োজন।
২. ম্যাগাজিন প্রকাশ ও শিক্ষার্থীদের লেখার প্ল্যাটফর্ম তৈরী করা।
৩. ভালো ফলাফলকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও উৎসাহ প্রদান।
৪. পাঠ সহায়ক কার্যক্রম।
৫. সমাজসেবামূলক কর্মকাণ্ড

শুভকামনায়–
তরঙ্গ টিম